চুয়েটে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)ফাইল ছবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে এক ছাত্রকে হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পয়লা বৈশাখ উপলক্ষে ছাত্রদলের ব্যানার টানাচ্ছিলেন সংগঠনটির কয়েকজন নেতা–কর্মী। ওই সময় টিউশনি শেষে ক্যাম্পাসে ফেরার পথে তিনি সেখানে দাঁড়িয়ে ছবি তুলতে চান। এতে ছাত্রদলের শাখা সভাপতি ওয়াসিফ রাশেদ তাঁকে জেরা করেন ও শার্টের কলার ধরে টানাটানি করেন। একপর্যায়ে তাঁকে দিয়ে ব্যানার টানানোর চেষ্টা করেন। পরে কয়েকজন শিক্ষার্থী তাঁকে সেখান থেকে সরিয়ে আনেন।

ভুক্তভোগী ছাত্র বলেন, ‘ঘটনাটি আমার মধ্যে মানসিকভাবে প্রভাব ফেলেছে। তাই বিষয়টি সামনে আনতে বাধ্য হয়েছি।’

এ ঘটনায় অভিযুক্ত ছাত্রদল সভাপতি ওয়াসিফ রাশেদের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি অস্বীকার করেন তিনি। প্রথম আলোকে তিনি বলেন, ‘শারীরিক লাঞ্ছনার বিষয়টি পুরোপুরি অবান্তর। ব্যানার টানানোর সময় সেখানে তাঁর আচরণ সন্দেহজনক মনে হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করি। কিন্তু আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা সত্য নয়। তাঁকে বকাঝকাও করা হয়নি।’

এ ব্যাপারে চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপপরিচালক মো. মুক্তার হোসাইন প্রথম আলোকে জানান, ‘ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। উভয় পক্ষের সঙ্গে কথা বলে তদন্ত কমিটি গঠন করা হবে। দোষী হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীরা প্রতিবাদ জানাতে থাকেন। শিক্ষার্থীদের মতে, ছাত্ররাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে এ ধরনের আচরণ উদ্বেগজনক।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email