নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক গার্মেন্ট কর্মীকে ঘরে ডুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফিরুজ প্রধান নামে এক বিএনপি নেতা বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জে তারাবো পৌরসভার মৈকুলী এলাকায় গত শনিবার (১৮ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। এদিকে রবিবার সন্ধ্যায় রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেয়ার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে গার্মেন্টস কর্মী ও পরিবারের লোকজন।
ভুক্তভোগী ও তার পরিবার জানান, দীর্ঘ দিন ধরে রূপগঞ্জের তারাব পৌরসভার মৈকুলী এলাকায় একটি বাড়িতে গার্মেন্টকর্মী তার স্বামীকে নিয়ে বসবাস করে আসছে। এদিকে কিছুদিন ধরে তারাবো পৌর বিএনপির সহ সভাপতি ফিরুজ প্রধান গার্মেন্টস কর্মীকে তার মোবাইল ফোনেসহ বিভিন্ন ভাবে কু প্রস্তাব দিয়ে আসছে। রাজী না হলে তাকে ও তার স্বামীকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।
পরে গত শনিবার রাতে স্বামী বাসায় না থাকার সুযোগে বিএনপি নেতা ফিরুজ তার বসতঘরে অনধিকার প্রবেশ করে। এ সময় তিনি পেছন দিক থেকে তাকে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। বাধা দেয়ায় তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। এঘটনায় রবিবার রাতে গার্মেন্টসকর্মী রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন
তবে এঘটনাটি সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট বলে দাবী করেন বিএনপি নেতা ফিরুজ প্রধান। তাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল এমন অপচেষ্টা চালাচ্ছে বলে তিনি দাবী করেন।
এ ব্যাপারে তারাব পৌর বিএনপির সভাপতি তাশিক ওসমান বলেন, ঘটনাটি আমি শুনেছি। আমি গত কয়েকদিন এলাকার বাইরে ছিলাম। আমি ফিরোজ প্রধানকে ডেকেছি এ ব্যাাপারে কথা বলতে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি আরো জানান।
