নোয়াখালীর হাতিয়ায় চুরির অভিযোগে মোহাম্মদ জাফর (১৮) নামে এক কিশোর দিনমজুরকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে।
শনিবার (৪ অক্টোবর) দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, একই দিন সকালে উপজেলার প্রকল্পবাজার এলাকার প্রধান সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জাফর উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্পবাজার এলাকার মোহাম্মদ জাকের হোসেনের ছেলে।
নিহতের স্বজনদের অভিযোগ, গত ১০-১২ দিন আগে বিএনপি নেতা সোহেলের বাড়িতে কাজ করেন জাফর। গত ৫ দিন আগে বাড়ির মালিককে না জানিয়ে সেখান থেকে চলে যান। যাওয়ার সময় তাদের আলমারির চাবি, মোবাইল চার্জার ও নগদ ১১শ টাকা নিয়ে যান। এ ঘটনার জের ধরে গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে স্থানীয় আলীবাজার এলাকা থেকে জাফরকে ধরে মোটরসাইকেলে করে প্রকল্প বাজারে নিয়ে আসেন সোহেল মাহমুদ। সেখানে জাফরের বাবাকেও ডাকা হয়। একপর্যায়ে তার বাবা চলে যায়। পরে জাফরকে আটকে রেখে নির্যাতন করে তার ছেলেকে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়।
হাতিয়ার মোর্শেদ বাজার তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. লেয়াকত আলী বলেন, প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড মনে হচ্ছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে ফাঁস দিয়ে মরলে রশির দাগ হবে চন্দ্রা আকৃতির। কিন্তু এই রশির দাগটা গোলাকার।
