নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক সেবনের অপরাধে এক ইউনিয়ন বিএনপি নেতার ছেলেকে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০৭ মে) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুর রহমান এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মোবারক করিম স্বাধীন (২৫) উপজেলার বিশনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মাসুদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে গোপালদী পৌরসভার উলুকান্দি গ্রামের কবরস্থান মোড় এলাকা থেকে ৩ পিস ইয়াবাসহ মোবারক করিমকে আটক করে স্থানীয় লোকজন। এ সময় তাকে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পরে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও মো. আসাদুর রহমান। মাদক সেবনের দায়ে মোবারককে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়।
আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এ ঘটনার একদিন আগে বিএনপি নেতা গাজী মাসুদ স্থানীয় একটা প্রোগ্রামে মাদক নির্মূল নিয়ে বক্তৃতা প্রদান করেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।
