বেরোবি উপাচার্যের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন, মব করে ছাত্রদলের হামলা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর পদত্যাগের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রদল কর্তৃক হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৯ মে) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী বেরোবি পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাফিজুর রহমান সিয়ামের নেতৃত্বে কয়েকজন উপাচার্যের সকল অনিয়ম দুর্নীতির অভিযোগ নিয়ে তার পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন করতে আসলে বেরোবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা তাদের বাধা দেয়। একপর্যায়ে ছাত্রদল সম্মেলনের টেবিল খুলে ফেলাসহ কলার ধরে হেনস্তা করে।

হামলার শিকার ও অভিযোগকারী শিক্ষার্থী হাফিজুর রহমান সিয়াম বলেন, কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপাচার্যের পদত্যাগের দাবিতে একটি সংবাদ সম্মেলনের ডাক দেই। যা কোনো মনগড়া অভিযোগ নয়। এক পর্যায়ে রেজিস্ট্রার মহোদয় আসেন এবং তিনি মিডিয়ার সামনে জানান, তিনি অভিযোগগুলো শুনবেন। অভিযোগ শোনার একপর্যায়ে ছাত্রদল কর্তৃক আমাকে ট্যাগিং করা হয়।

সিয়াম অভিযোগ করেন, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত রাফি; যে আগে ছাত্রলীগের লিফলেট বিতরণ করত, সে আমাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে গলার কলার ধরে মারতে আসে।

এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত রাফি বলেন, হাফিজুর রহমান সিয়াম ছাত্রলীগের কর্মী ছিলেন এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান বলেন, যে শিক্ষার্থী সংবাদ সম্মেলন ডেকেছিল, আমি সেখানে গিয়ে তার সঙ্গে কথা বলছিলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী সেখানে আসায় ঝামেলার সৃষ্টি হয়।

 

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email