এবার অর্থ আত্মসাৎ-বাড়ি দখল চেষ্টার অভিযোগ সেই ছাত্রদল নেতার বিরুদ্ধে

জোরপূর্বক দোকান দখল ও জুলাই শহীদের বাবাকে হেনস্তা-প্রাণনাশের হুমকির অভিযোগের পর এবার বাড়ি দখল চেষ্টার অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সেলিম রেজার বিরুদ্ধে।

‎জানা যায়, গত ৩ মে সেলিম রেজা সাবেক সেক্রেটারি পরিচয়ে দোকান দখল ও জুলাই শহীদের বাবাকে হেনস্তার অভিযোগের পর তাকে নিয়ে বেশ সমালোচনা সৃষ্টি হয়েছে। এরপর একে একে অর্থ আত্মসাৎ ও বাড়ি দখলের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে চলাচলকারী ইলেকট্রিক কার্ট আটক করে রাখা ও চাঁদা দাবির অভিযোগও উঠেছে।

‎নাম না প্রকাশ করার শর্তে ইলেকট্রনিক কার্টের এক চালক বলেন, সেলিম রেজা মাঝেমাঝেই ইলেকট্রিক কার্ট আটকে রেখে চাঁদা দাবি করেন। কয়েকদিন আগেই একজন কার্ট চালককে খুব মারধর করেন ও পরে তাকে মেডিকেল সেন্টার থেকে চিকিৎসা দেওয়া হয়।

এছাড়া নিজ দলের নেতারাও তার কাছ থেকে নানাভাবে প্রতারিত ও হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ৩৫তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রদলের সাবেক নেতা রুবেল পারভেজ বলেন, ‘সে (সেলিম রেজা) নিজের বড় ভাইয়ের সঙ্গেও প্রতারণা করেছে। চাকরি দেওয়ার কথা বলে তার বড় ভাইয়ের কাছ থেকে টাকা নিলেও চাকরি দেয়নি। আওয়ামী আমলে রাজনৈতিক কারণে আমি দেশের বাইরে ছিলাম। সেই সময় আমার বালুর ব্যবসা ও হোটেল দেখাশোনার দায়িত্বে ছিল সে। কিন্তু গত দুই বছরেও আমার বালু ও হোটেলের কোনো হিসাব বুঝিয়ে দেয়নি, বরং উল্টো দুই লাখ টাকা লভ্যাংশ দাবি করে বসে।’

‎রুবেল আরও অভিযোগ করেন, ‘আমার নেওয়া টেন্ডারের আওতায় সরকারি গুচ্ছগ্রামে প্রায় ১০০ গাড়ি বালু দেওয়ার কথা থাকলেও তা অবৈধভাবে অন্যত্র বিক্রি করেছে সে। গোপনে এসব বালু অন্য জায়গায় বিক্রি করে ব্যক্তিগতভাবে লাভবান হয়েছে। যার কারণে আমাকে ইউএনওর কাছে জবাবদিহি করতে হয়।’

‎স্থানীয় এক ভুক্তভোগী ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান শিউল বলেন, ‘কয়েক মাস আগে সেলিম রেজা রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমার বোনের বাড়ি দখলের চেষ্টা করেন। আমার বোন জামাইয়ের বড় ভাই আমেরিকায় থাকেন, তার ভাড়াটে হয়ে বাড়ি দখল করতে আসেন। এখনও মাঝে মাঝে ঝামেলা করেন।’

‎এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সেলিম রেজা বলেন, ‘আমার বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি এ বিষয়ে অবগত নই, এমন কিছু হয়নি।’

‎এ বিষয়ে জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনীক বলেন, ‘সব বিষয়ে কেন্দ্র থেকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে দোকান দখলের বিষয় নিয়ে কেন্দ্র থেকে শোকজ করা হয়েছে। এইসব অভিযোগের বিষয়েও তদন্ত করা হবে।‘

সেলিম রেজা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আলোচিত সাবেক ছাত্রদল নেতা ও অস্ত্র ব্যবসায়ী হিসেবে পরিচিত গালিব ইমতিয়াজ নাহিদের ছত্রছায়ায় এসব কর্মকাণ্ড চালিয়ে আসছে বলে গুঞ্জন আছে। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি নাহিদ তিনটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গোলাবারুদ সহ যৌথ বাহিনীর অভিযানে আটক হন।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email