ফেসবুকে পোস্ট দিয়ে বরখাস্ত বিএমডিএ প্রকৌশলী

রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনামূলক পোস্ট দেওয়ায় সাময়িক বরখাস্ত করা হয়েছে বিএমডিএর প্রধান কার্যালয়ের আইটি শাখার উপসহকারী প্রকৌশলী সাব্বির রহমানকে।

মঙ্গলবার বিএমডিএর নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে তাকে রাজশাহী সার্কেল কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

জানা গেছে, সম্প্রতি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সচিব পদমর্যাদায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক বিএমডিএ চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ কার্যকর হয়।

এ নিয়ে ফেসবুক একটি স্ট্যাটাস দেন তিনি। পোস্টে লেখেন, অবশেষে দপ্তর রাজনৈতিক কার্যালয়ে পরিণত হলো! মাশাআল্লাহ!। স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরে তা বিএমডিএ চেয়ারম্যানের নজরে আসে।

অফিস আদেশে বলা হয়েছে, ওই পোস্টের মাধ্যমে চেয়ারম্যানসহ প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এছাড়া সরকারি চাকরিজীবী হিসেবে এ ধরনের মন্তব্য দাপ্তরিক শিষ্টাচারবহির্ভূত এবং শৃঙ্খলাপরিপন্থি বলেও উল্লেখ করা হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে সাব্বির রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিএমডিএর নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান বলেন, সাব্বির রহমান ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। সরকারি চাকরির আচরণবিধি অনুযায়ী বিষয়টি শৃঙ্খলাভঙ্গের মধ্যে পড়ে। সে কারণেই সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email