স্কুলমাঠের জেনারেটর চুরি করার সময় আটক বিএনপি নেতাসহ চারজন কারাগারে

রাজধানীর সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ের জেনারেটর চুরির চেষ্টার সময় সোমবার গভীর রাতে হাতেনাতে আটক হয়েছেন রমনা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহব্বত উল্লাহ শাহেদসহ ৪ জন। এ ঘটনায় হওয়া মামলায় পরদিন তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত।

স্থানীয়রা জানান, বিদ্যালয় মাঠের এক কোণের একটি অফিসরুমে সংরক্ষিত জেনারেটরটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর বিদ্যুৎ সুবিধার জন্য ব্যবহৃত হচ্ছে। গত সোমবার রাত ২টার দিকে বিএনপির নেতা পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি বিদ্যালয়ের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এলাকাবাসীর অভিযোগ, দলটির  নেতৃত্বে ছিলেন রমনা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহব্বত উল্লাহ শাহেদ। তারা জেনারেটর রুমের দারোয়ানকে ভয়ভীতি দেখিয়ে রুমের তালা ভেঙে ফেলেন এবং জেনারেটরটি একটি পিকআপে তোলার চেষ্টা করেন।

অভিযুক্তদের সঙ্গে থাকা কয়েকজন লাঠিসোঁটা নিয়ে আসায় বিদ্যালয়ের দারোয়ানদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা জেনারেটরটি পিকআপে তুললে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। তারা গাড়িটি ঘিরে ফেলে জেনারেটর সরিয়ে নিতে বাধা দেন। পরে এলাকাবাসী মহব্বত উল্লাহ শাহেদসহ চারজনকে আটক করে পুলিশে দেন।

পুলিশ জেনারেটরটি জব্দ করে আটক চার জনকে থানায় নিয়ে যায়। পরদিন তাদের একটি মামলায় আসামি করে আদালতে পাঠানো হয়। আদালত চারজনকেই কারাগারে পাঠান। অন্যদিকে, মঙ্গলবারই  মহব্বত উল্লাহ শাহেদকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।

ঘটনাটি নিয়ে রমনা থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে এক কর্মকর্তা কালের কণ্ঠকে জানান, ঘটনাস্থল থেকেই চারজনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে পুলিশ আরো তদন্ত করছে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email