চাঁদাবাজির অভিযোগ, নবাবগঞ্জে ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শালখুরিয়া ইউনিয়নের বড় তেতুলিয়া গ্রামে ধানকাটা হারভেস্টার মেশিনের মালিকের কাছে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) রাতে উপজেলার বড় তেতুলিয়া গ্রামের বাসিন্দা আল আমিন বোরো ধান কাটা ও মাড়াইয়ের জন্য একটি হারভেস্টার মেশিন ভাড়া করে নিয়ে আসে। কৃষকের কাছে ভাড়া বাবদ অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি
করার অভিযোগ ওঠে শালখুরিয়া ইউনিয়ন ছাত্রদলের দুই সদস্যের বিরুদ্ধে।

বিষয়টি স্থানীয়ভাবে ছড়িয়ে পড়লে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নবাবগঞ্জ উপজেলা শাখা।

বহিষ্কৃতরা হলেন- শালখুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী মো. ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী আলমগীর হোসেন জয়।

নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তাদির হোসেন বকুল ও সদস্য সচিব মুক্তি মাহফুজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত দুই সদস্যকে প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানা পুলিশর উপ-পরিদর্শক (এসআই) ডেভিড হিমাদ্রি বর্মন বলেন, হারভেস্টার মেশিনকে কেন্দ্র করে চাঁদা দাবির অভিযোগের বিষয়টি তারা জেনেছেন।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুক্তি মাহফুজ বলেন, প্রাথমিক তদন্তে ঘটনায় দুজনের সম্পৃক্ততার সত্যতা পাওয়ায় সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়েছে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email