কুমিল্লা আদর্শ সদর উপজেলায় ৪ হাজার পিস ইয়াবাসহ ওয়ার্ড বিএনপির সভাপতিকে আটক করেছে পুলিশ।
রোববার (৩১ মে) রাতে উপজেলার গোলাবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মো. মোস্তাক (৫০) একই এলাকার মৃত শামসুল হক ভূঁইয়ার ছেলে। সে পাঁচথুবী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানাধীন ছত্রখিল পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান পরিচালনা করে গোলাবাড়ি এলাকায় মোস্তাক মিয়াকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তার মোস্তাক মিয়াকে আদালতে সোপর্দ করা হবে।
কুমিল্লা আদর্শ সদর বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম বলেন, আইনের কাজ আইন করুক। আমরা সাংগঠনিক সিদ্ধান্ত পরে আপনাদের জানাব।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, কোনো ব্যক্তি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান ও বিক্রি রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
