মুন্সিগঞ্জ শহরে যুবদলের আনন্দ মিছিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের কিলঘুষিতে বেশ কয়েকজন সামান্য আহত হয়।
রবিবার (৭ জুন) বিকেলে শহরের থানারপুল এলাকায় এ ঘটনা ঘটে। তবে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে দাবী যুবদলের।
যুবদলের নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে জেলা যুবদলের বিভিন্ন ইউনিট শহরের আনন্দ মিছিলের আয়োজন করে। বিকেল ৪ টার দিকে শহর ও শহরতলীর বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল এসে শহরের পুরতান বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়।
পরে বিকেল সাড়ে ৪ টার দিকে সেখান আনন্দ মিছিল বের করে। প্রধান সড়ক প্রদক্ষিন করে শহরের থানারপুল এলাকার জেলা বিএনপির কার্যালয়ে এসে মিছিল শেষ হলে নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ হাতাহাতি থামাতে এগিয়ে যান। ততক্ষনে কিলঘুষিতে বেশ কয়েকজন সামান্য আহত হন।
জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হোসেন মুন্না বলেন, যুবদলের আনন্দ মিছিল শেসে মোবাইল চুরিকে কেন্দ্র করে হট্টগোল হয়েছে। দলের সিনিয়র নেতাদের হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে। এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।
