চাঁদপুরে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ

চাঁদপুরের শাহরাস্তিতে ঈদুল আজহার ছুটির মধ্যে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেনের (সেলিম) বিরুদ্ধে। তিনি পৌরসভার সাহাপুরে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনের সড়কের দুই পাশের ১০টি সরকারি গাছ কেটে বিক্রি করে দিয়েছেন ফার্নিচার ব্যবসায়ী সেকান্দরের কাছে। উপজেলা প্রশাসন ও বন বিভাগের থেকে অনুমতি নেওয়া হয়নি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটির সুযোগে গাছগুলো কেটে ফেলা হয়। পরে ওই কাঠ স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী সেকান্দারের কাছে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ জরুরি। তাদের মতে, সরকারি সড়কের গাছ নির্বিচারে কাটার ঘটনায় দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে এমন অনিয়ম আরও বাড়তে পারে।

গাছ ক্রয়ের বিষয়ে স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী সেকান্দর বলেন, সরকারি রাস্তার পাশের গাছ হওয়ায় আমি কিনতে চাইনি। আমাকে গাছ ক্রয় করার জন্য বলা হলে আমি বলি, ঝামেলায় জড়াতে চাই না। তখন সেলিম ও ইমাম মাস্টারসহ আরও চার-পাঁচজন বলেন, তুমি গাছ কিনে নাও, সব ধরনের ঝামেলা আমরা সমাধান করব।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাহরাস্তি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম বলেন, সড়কটি আমি পৌরসভা থেকে লিজ নিয়েছি। আমি সেখানে প্রায় ৩০টি গাছের চারা রোপণ করেছি। গাছগুলো মসজিদে দান করা হয়েছে। মসজিদ কর্তৃপক্ষ গাছগুলো কেটে নিয়েছে। বিষয়টি সহকারী কমিশনারকে (ভূমি) অবহিত করা হয়েছে।

শাহরাস্তি উপজেলায় অতিরিক্ত দায়িত্বে থাকা জেলা বন কর্মকর্তা মো. তাজুল ইসলাম জানান, গাছ কাটার বিষয়ে উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির অনুমোদন প্রয়োজন। কমিটির অনুমোদন ছাড়া কোনো গাছ কাটা যায় না। তবে উক্ত সড়কের গাছ কাটার বিষয়ে কোনো আবেদন পাওয়া যায়নি। ব্যক্তি উদ্যোগে সড়কে গাছ লাগানো হলেও যথাযথ অনুমতি ছাড়া কেউ তা কাটতে পারবেন না। বিষয়টি সম্পূর্ণ অবৈধ। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মনিরা খাতুন বলেন, গাছ কাটার বিষয়টি অবগত হয়েছি। বন বিভাগের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email