নেত্রকোণার বারহাট্টা উপজেলার নৈহাটী পশুর হাটে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু কেনাবেচা থেকে বিপুল অঙ্কের রাজস্ব আদায়ের অভিযোগকে কেন্দ্র করে উপজেলা বিএনপির এক নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ পদক্ষেপ নেয় বারহাট্টা উপজেলা বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে অনুষ্ঠিত নৈহাটী পশুর হাটে প্রায় ৪০ লাখ টাকার খাস রাজস্ব আদায় করা হলেও সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে মাত্র ১৫ লাখ টাকা। বাকি অর্থের হিসাব নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। একই সঙ্গে শ্রমিক ইউনিয়নের নামে চাঁদা আদায়ের অভিযোগও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এ ঘটনায় শোকজ নোটিশ পেয়েছেন আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও বারহাট্টা উপজেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও নেত্রকোণা জেলা ওলামা দলের ১ নং যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা মো. জসিম উদ্দিন তালুকদার। তিনি বারহাট্টা উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস দলিল লেখক সমিতির সভাপতি ও সাবেক ৩ নং বারহাট্টা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাদশা মিয়া তালুকদারের ছেলে।
এছাড়াও তিনি বারহাট্টা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইনিং মো. আবুল খায়ের তালুকদারের বড় ভাই। উপজেলা বিএনপির প্যাডে মঙ্গলবার (২৩ জুন) জারি করা কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। নোটিশে বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মো. মোবারক আহমেদ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব আশিক আহমেদ (কমল) স্বাক্ষর করেছেন। এছাড়াও নেত্রকোণা সদর ও বারহাট্টা-২ আসনের এমপি ও জেলা বিএনপির সভাপতি ডা. মোঃ আনোয়ারুল এবং নেত্রকোণা-৩ আসনের এমপি ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ডা. রফিকুল ইসলাম হিলালী’র বরাবর অনুলিপি প্রদান করা হয়েছে।
এ বিষয়ে বারহাট্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আশিক আহমেদ কমল বলেন, “গত ঈদুল আজহায় নৈহাটী পশুর হাটে গরু কেনাবেচাকে কেন্দ্র করে প্রায় ৪০ লাখ টাকা রাজস্ব আদায় এবং সরকারি কোষাগারে মাত্র ১৫ লাখ টাকা জমা দেওয়ার অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এসব অভিযোগের সঙ্গে জসিম উদ্দিন তালুকদার’কে জরিয়ে মিডিয়ায় সংবাদ প্রচার হওয়ায় সাংগঠনিকভাবে ব্যাখ্যা জানতে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।” স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অভিযোগের বিষয়ে শোকজপ্রাপ্ত নেতার লিখিত ব্যাখ্যা এবং পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্তের দিকে নজর রয়েছে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের।
