রাতে সড়কের কার্পেটিংয়ের ভিডিও করায় সাংবাদিককে বিএনপি নেতার হুমকি

টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারি উন্নয়নকাজের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় দেশ টিভির টাঙ্গাইল প্রতিনিধি ও দৈনিক ইত্তেফাকের ভূঞাপুর প্রতিনিধি অভিজিৎ ঘোষকে মোবাইল ফোনে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে ভূঞাপুর পৌর শ্রমিক দলের সভাপতি ও সাব-ঠিকাদার ফরহাদ মণ্ডলের বিরুদ্ধে।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে সাংবাদিক অভিজিৎ ঘোষের ব্যবহৃত মোবাইল ফোনে কল করে তাকে ভয়ভীতি প্রদর্শন করা হয়।

জানা যায়, ভূঞাপুর শহরের যানজট নিরসনে সড়ক ও জনপথ বিভাগের অধীনে বিরহাটী রেলক্রসিং থেকে বাহাদীপুর রেলক্রসিং পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ বাইপাস সড়ক নির্মাণকাজ চলছে। প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পটি ২০২৩ সালের ৩০ মে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর নির্মাণকাজ শুরু হয়।

গত ১ জুলাই রাত সাড়ে ৮টার দিকে ওই বাইপাস সড়কে কার্পেটিংয়ের কাজ চলাকালে সাংবাদিক অভিজিৎ ঘোষ ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে সাব-ঠিকাদার ফরহাদ মণ্ডল সাংবাদিককে ফোন করে হুমকি দেন।

অডিও রেকর্ডে ফরহাদ মণ্ডলকে বলতে শোনা যায়, “ভদ্রভাবে বললাম, হাঁটুর-বাটাল নিয়ে রাস্তায় আসবেন। আপনাকে রাস্তায় আসতে বাধ্য করব। ভাওতাবাজি করলে বসে থাকব না… ভিডিও তোর পাছা দিয়া দিমু… কালকের মধ্যে হাজির হতে হবে…” এ ধরনের বক্তব্যের মাধ্যমে তিনি সাংবাদিককে ভয়ভীতি প্রদর্শন করেন।

এ বিষয়ে টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমিরী খান বলেন, “রাতে কাজ করার ভিডিওটি আমি দেখেছি। ফরহাদ নামে ওই সাব-ঠিকাদারকে আমি চিনি না। সাংবাদিককে হুমকি দেওয়ার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের দাবি, অনিয়মের সংবাদ প্রকাশ করায় একজন সাংবাদিককে এভাবে হুমকি দেওয়া গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email