যুবদলের সভাপতি-সম্পাদকের বাগবিতণ্ডা, সভা স্থগিত

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্থ তলায় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভায় হট্টগোলের ঘটনা ঘটেছে। রবিবার (৫ জুলাই) বিকেলে অনুষ্ঠিত এ সভায় সদ্য ঘোষিত নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে আলোচনা করতে গিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে সভা স্থগিত করা হয়।

সভায় উপস্থিত একাধিক সূত্রের দাবি, নতুন কমিটিতে বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তির দায় একে অপরের ওপর চাপানোর চেষ্টা করলে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। এ নিয়ে সংগঠনের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের অনুসারীদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। পরে সভাপতি ও সাধারণ সম্পাদকও নিজেদের মধ্যে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন, যা একপর্যায়ে ‘তুই-তুকারি’ পর্যায়ে পৌঁছায় বলে সূত্রগুলো জানিয়েছে।

জানা গেছে, সভায় সভাপতি আবদুল মোনায়েম মুন্না নবনির্বাচিত সহসভাপতি ফিরোজ আব্দুল্লাহর অতীত রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে বিতর্কের সূত্রপাত হয়। এরপর কমিটির মান ও মর্যাদা ক্ষুণ্ন হওয়ার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষের নেতারা একে অপরকে দায়ী করতে থাকেন।

এ সময় সদ্য ঘোষিত কমিটির সহসভাপতি মাহমুদুস সালেহীন অভিযোগ করেন, অপর সহসভাপতি জিয়াউর রহমান জিয়াকে কক্সবাজারে যথাযথ সম্মান দেওয়া হয়নি। এ বিষয়ে আলোচনা চলাকালে কয়েকজন নেতা মাহমুদুস সালেহীনের রাজনৈতিক সম্পৃক্ততা ও পদপ্রাপ্তি নিয়েও প্রশ্ন তোলেন বলে জানা গেছে।

পরিস্থিতি আরও উত্তপ্ত হলে সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সহসভাপতি ফিরোজ আব্দুল্লাহকে উদ্দেশ করে বলেন, তিনি সভাপতির স্বাক্ষরে সহসভাপতির পদ পেয়েছেন এবং এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। এর কিছুক্ষণ পর ফিরোজ আব্দুল্লাহ সভা ত্যাগ করেন।

পরবর্তীতে সভাকক্ষে হট্টগোল ও বিশৃঙ্খলা চরম আকার ধারণ করলে সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথভাবে জরুরি সভা স্থগিত ঘোষণা করেন।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email