খুলনায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

খুলনার তেরখাদা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে উপজেলা বিএনপির চার নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান ও সদস্যসচিব এস এম মনিরুল হাসানের যৌথ স্বাক্ষরে তাঁদের প্রত্যেককে আলাদাভাবে কারণ দর্শানোর নোটিশ দেন।

কারণ দর্শানোর নোটিশ পাওয়া নেতারা হলেন তেরখাদা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু মোল্লা, সদস্য ফেরদৌস মেম্বার, গাউস মোল্লা ও রবিউল ইসলাম।

কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে, শেখ হাসান আল মামুন নামের জনৈক ব্যক্তিকে মারধর করে মুক্তিপণ হিসেবে ১৩ লাখ টাকা চাঁদা দাবি করেন তাঁরা। দুই লাখ টাকা তাঁরা সোনালী ব্যাংকের মাধ্যমে নিয়েছেন এবং বাকি ১১ লাখ টাকার জন্য চাপ প্রয়োগ অব্যাহত রাখেন। এই বিষয়ে হাসান আল মামুন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর লিখিত অভিযোগ করেছেন।

জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসান বলেন, চাঁদা দাবির সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁদেরকে শোকজ করা হয়েছে। এটা সুস্পষ্টভাবে দলীয় শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ড। কেন তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তিন দিনের ভেতর লিখিত জবাব খুলনা জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবরে অথবা নগরের ৬ নম্বর কেডি ঘোষ রোডের বিএনপির দলীয় কার্যালয়ে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email