গেল জানুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েমকে উদ্ধৃত করে ‘চট্টগ্রাম মহানগরের মানুষ বাংলাদেশ জামায়েত ইসলামকে ভোট দে নাই। তাই আল্লাহর পক্ষে থেকে গজব হিসাবে পানি বন্ধি করে রেখেছে চট্টগ্রাম মহানগরকে’ শিরোনামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত অনলাইন প্ল্যাটফর্ম ডিইউ ইনসাইডার্সের লোগো ও ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বন্যায় পানিবন্দী মানুষকে নিয়ে জামায়াতে ইসলামীকে জড়িয়ে সাদিক কায়েম এমন কোনো মন্তব্য করেননি এবং অনলাইন প্ল্যাটফর্ম ডিইউ ইনসাইডারসও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ডিইউ ইনসাইডারস কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে অনলাইন প্ল্যাটফর্ম ডিইউ ইনসাইডার্সের লোগো রয়েছে।
উল্লেখিত তথ্যাবলীর সূত্র ধরে ডিইউ ইনসাইডার্সের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
তবে, ডিইউ ইনসাইডার্সের ফেসবুক পেজে গত ৭ জুলাই ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রয়োজনের আলোকে ডাকসুর প্রচেষ্টায় গৃহীত বহু প্রকল্প নতুন সরকার আসার পর বাতিল করে দেওয়া হয়েছে, কিন্তু এর কোনো যৌক্তিক ব্যাখ্যা আমরা পাইনি ৷ অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনুমোদিত এই শিক্ষার্থীবান্ধব প্রকল্পগুলো যদি দলীয় দৃষ্টিকোণ থেকে বন্ধ করা হয়, তাহলে তা আগের ফ্যাসিবাদী কাঠামোরই প্রতিফলন’ – সাদিক কায়েম (ভিপি) শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।
ফটোকার্ডটি পর্যবেক্ষণে দেখা যায়, এর সঙ্গে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবি ও ডিইউ ইনসাইডার্সের লোগো রয়েছে। তবে দুই ফটোকার্ডের শিরোনামের পার্থক্য আছে। এছাড়া, ডিইউ ইনসাইডারসে ব্যবহৃত শিরোনামের ফন্ট ডিজাইনের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল রয়েছে।

অর্থাৎ, ডিইউ ইনসাইডার্সের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
পরবর্তীতে, সাদিক কায়েমের ভেরিফাইড ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সংবলিত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়াও, সাদিক কায়েমের মতো আলোচিত ছাত্র নেতা এমন মন্তব্য করলে তা স্বাভাবিকভাবেই মূলধারার গণমাধ্যমে প্রচারিত হওয়ার কথা ছিল। কিন্তু এ বিষয়ে কোনো সংবাদ পাওয়া যায়নি।
সুতরাং, সাদিক কায়েমকে উদ্ধৃত করে বন্যা পরিস্থিতি নিয়ে, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে ডিইউ ইনসাইডার্সের নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- DU Insider – Facebook Page
- DU Insider – Facebook Post
- Md Abu Shadik – Facebook Profile
- Rumor Scanner’s Analysis
