তিতুমীর কলেজে ছাত্রশক্তির ২ নেতার ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে জাতীয় ছাত্রশক্তির দুই নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

হামলায় জাতীয় ছাত্রশক্তি তিতুমীর কলেজ সংসদের আহ্বায়ক সাখাওয়াত হোসেন ও সদস্য সচিব আল নোমান নিরবসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। আহত দুই নেতাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

জাতীয় ছাত্রশক্তির দাবি, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলেজ কর্তৃপক্ষের আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির তিতুমীর কলেজ সংসদের নেতারা উপস্থিত হলে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালান। হামলার সময় লাঠিসোটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয় বলেও অভিযোগ করেন সংগঠনটির নেতারা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হামলার সময় ছাত্রশক্তির নেতাকর্মীদের মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হামলার বিষয়ে জাতীয় ছাত্রশক্তি তিতুমীর কলেজ সংসদের আহ্বায়ক সাখাওয়াত হোসেন বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে অংশ নিতে আমরা ক্যাম্পাসে গিয়েছিলাম। কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। আমি, সদস্য সচিব আল নোমান নিরবসহ আমাদের একাধিক নেতাকর্মী আহত হয়েছি। দেশীয় অস্ত্র দিয়ে আমাদের মারধর করা হয়েছে। পরে আমার চোখেও আঘাত করা হয়েছে। এখনো তারা আমাদের খুঁজছে বলে খবর পাচ্ছি। আমরা এই হামলার সুষ্ঠু বিচার চাই। যারা ক্যাম্পাসে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। আমরা দমে যাব না, চিকিৎসা শেষে আবার ক্যাম্পাসে ফিরব।’
তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় কয়েকজন সাংবাদিকও হামলার শিকার হয়েছেন। তাদের ওপরও হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

এর আগে মঙ্গলবারও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email