নাটোরের লালপুরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে ছাত্রদলের তিন কর্মীকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার দুপুরে লালপুর উপজেলার ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট ও যুগ্ম আহ্বায়ক আবু রায়হান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করছেন। বহিষ্কৃত ছাত্রদল কর্মীরা হলেন জাহিদ হোসেন, শফিকুল ইসলাম শফিক ও মামুন আলী।
স্থানীয় জানা যায় , গত ১২ আগস্ট লালপুর উপজেলা পরিষদ চত্বরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চলাকালে এনটিভির অনলাইন প্রতিনিধি সজিবুল হৃদয় ও দৈনিক মানবজমিনের লালপুর উপজেলা প্রতিনিধি রাশিদুল ইসলাম লাঞ্ছিত হওয়ার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে ওই তিন কর্মীর বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলের শৃঙ্খলা, ভাবমূর্তি ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থি কোনো কর্মকাণ্ড ছাত্রদল কখনো মেনে নেবে না। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে সব নেতাকর্মীকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট ও যুগ্ম আহ্বায়ক আবু রায়হান প্রেস বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জাহিদ হোসেন, শফিকুল ইসলাম শফিক ও মামুন আলীকে বহিষ্কার করা হয়েছে।
