পিরোজপুর সদরের কদমতলায় নির্মাণাধীন জাতীয় গ্রিডের সাব-স্টেশনে চাঁদা দাবির অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। চাঁদা না পেয়ে গতকাল মঙ্গলবার রাতে নির্মাণাধীন জাতীয় গ্রিডের বালু ভরাটের পাইপ ভেঙে দেওয়ারও অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ঠিকাদার।
এ বিষয়ে পিরোজপুর সদর থানায় আজ বুধবার লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ঠিকাদার। পিরোজপুর সদর উপজেলার ঢাকা-পিরোজপুর মহাসড়কের পাশে কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্তের নাম আব্দুস সালাম। তিনি সদর উপজেলার কদমতলা ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান।
সংশ্লিষ্টরা জানান, রিংটেক লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান জাতীয় গ্রিডের পিরোজপুর সাব-স্টেশন নির্মাণের কাজ করছেন। গ্রিড সাব-স্টেশন নির্মাণকাজের নিচু জায়গায় নদী থেকে বালু উত্তোলন করে পাইপের মাধ্যমে নির্ধারিত স্থানে ভরাট করছিল তাহসিন এন্টারপ্রাইজ নামের অপর একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এরই মধ্যে স্থানীয় এক বিএনপি নেতা কাজের সঙ্গে সংশ্লিষ্টদের কাছে প্রতি বর্গফুট বালুর জন্য ১ টাকা করে ১০ লাখ ফুট বালির জন্য ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করেন ঠিকাদার মো. জাকির হোসেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কাজ বন্ধ করে দেওয়াসহ নানা হুমকি দেওয়া হয়।
এরপর রাতে দুর্বৃত্তরা নির্মাণাধীন প্রকল্প এলাকায় গিয়ে বালু ভরাটের পাইপ ভেঙে ফেলে। এতে বন্ধ হয়ে যায় বালু ভরাটের কাজ। ঘটনার পর থেকে শ্রমিক ও সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। পরবর্তীতে ঠিকাদার প্রায় এক কিলোমিটার এলাকার পাইপ মেরামত করে পুনরায় কাজ শুরু করেন। ঠিকাদারসহ কাজের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন সময় মতো বালু ভারাট করতে না পারলে গ্রিড সাব-স্টেশন নির্মাণ কাজ ব্যাহত হবে।
এ বিষয়ে অভিযুক্ত কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, ‘আমি কারো কাছে কোনো চাঁদা চাইনি। স্থানীয় কিছু ছেলেরা চা-পানির খরচ হিসেবে ঠিকাদারের কাছে কিছু টাকা চেয়েছিল। তবে পরবর্তীতে সেটা আমি মীমাংসা করে দিয়েছি। আমি বর্তমানে ঢাকায় থাকায় পাইপ ভাঙার ব্যাপারে কিছুই জানি না।‘
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমরা অভিযোগের আলোকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’
