বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে মঠবাড়িয়া পৌর এলাকায় এ অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মঠবাড়িয়া পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রুবেল আহসান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিম মল্লিক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া পৌর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবা সেবনরত অবস্থায় রুবেল আহসান ও আজিম মল্লিককে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রাব্বী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক দুজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মাদক সেবনরত অবস্থায় দুজনকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, গ্রেপ্তার দুজনকে আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে পিরোজপুর জেলা কারাগারে পাঠানো হবে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়ভাবে আলোচনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে রাজনৈতিক সংগঠনের পদধারী ব্যক্তিদের মাদকসেবনের ঘটনায় আটক ও দণ্ডিত হওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।
