নবাবগঞ্জে ৩০০ ট্যাপেন্ডাডলসহ যুবদল নেতাসহ দুজন আটক

দিনাজপুরের নবাবগঞ্জে ৩০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ শাফিউল ইসলাম ও আরিফ হোসেন নামে দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। আটক শাফিউল ইসলাম উপজেলা যুবদলের সদস্য ও মাহমুদপুর ইউনিয়ন যুবদলের সহপ্রচার সম্পাদক বলে জানা গেছে।

রোববার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ৮ নম্বর মাহমুদপুর ইউনিয়নের মোগরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন নবাবগঞ্জ উপজেলার হাতভাঙ্গী গ্রামের সাবু মিয়ার ছেলে আরিফ হোসেন (৩০) এবং মোগরপাড়া গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে শাফিউল ইসলাম (৩৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে আরিফ হোসেন মাদক কিনতে মোগরপাড়া গ্রামে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁকে ও শাফিউল ইসলামকে আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে ৩০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে স্থানীয় সূত্র। পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, শাফিউল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িত। তবে এ অভিযোগের বিষয়ে আইনগতভাবে প্রমাণ প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন।

এ বিষয়ে মাহমুদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সাহাজুল ইসলাম শাজু মিয়া বলেন, শাফিউল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাঁর বিষয়ে উপজেলা নেতাদের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email