নাটোরে ছাত্রদল নেতার জানাজা শেষে এমপির ছেলের ঘনিষ্ঠ প্রবাসীর শপিংমলে হামলা–লুটপাট

নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিলের জানাজা শেষে এক শপিং মলে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে উপজেলার চাঁচকৈড় বাজারে রাশ মেগা শপিং মলেছবি: ভিডিও থেকে সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরে নিহত ছাত্রদল নেতা শাকিল ইসলামের জানাজার পরপরই এক প্রবাসীর মালিকানাধীন শপিং মলে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারে রাশ মেগা মলে এ ঘটনা ঘটে।

শপিং মলটির স্বত্বাধিকারী যুক্তরাষ্ট্রপ্রবাসী রাসেল হোসাইন। স্থানীয় মানুষদের ভাষ্য, শাকিল হত্যা মামলায় গ্রেপ্তার নাটোর-৪ আসনে বিএনপির সংসদ সদস্য আবদুল আজিজের বড় ছেলে নূরুজ্জামানের সঙ্গে রাসেলের ঘনিষ্ঠতা আছে। এর জেরে এ ঘটনা ঘটতে পারে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলামকে ১৪ অক্টোবর রাতে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাঁকে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গত সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।

শাকিল হত্যার ঘটনায় স্থানীয় সংসদ সদস্যের ছেলে নূরুজ্জামানের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। পুলিশ সোমবার রাতেই তাঁকে আটক করে। পরে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ভাঙচুরের পরপর কয়েকজনকে বিভিন্ন মালামাল লুট করতে দেখা যায়ছবি: ভিডিও থেকে সংগৃহীত

এলাকার কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, ঢাকায় জানাজা শেষে গতকাল রাতে শাকিলের মরদেহ গুরুদাসপুরে আনা হয়। রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় সামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে জানাজা শেষে মাইকিং করে উপস্থিত লোকজনকে বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। ২০০ থেকে ২৫০ জন বিক্ষোভ মিছিল নিয়ে চাঁচকৈড় বাজারে যান। সেখানে তাঁরা নূরুজ্জামানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত প্রবাসী ব্যবসায়ী রাসেল হোসাইনের রাশ মেগা মলে হামলা করেন।

দোকানের শাটার ভেঙে শত শত লোক মলের তৈরি পোশাক, প্রসাধনী ও জুতা-স্যান্ডেলের দোকানে লুটপাট করেন। পরে মলটিতে ভাঙচুর চালানো হয়। প্রায় ৪০ মিনিট ধরে লুটপাট চলার পর পুলিশ সেখানে অবস্থান নেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী প্রথম আলোকে বলেন, মিছিলে অংশ নেওয়া লোকজনই শপিং মলে হামলা করেন। দলীয়ভাবে পরিচিতি না থাকলেও কিছু লোক মালামাল লুটের জন্যই হামলায় অংশ নেন। তাঁরা লুট করা মালামাল মাথায় করে, রিকশা-ভ্যানে করে বিনা বাধায় নিয়ে যেতে থাকেন।

শপিং মলের মালিক রাসেল হোসাইনের অভিযোগ, শুরু থেকেই একটি মহল শপিং মলটি বন্ধ করার পাঁয়তারা করছিলেন। শাকিল হত্যার ইস্যুকে কেন্দ্র করে মব সৃষ্টি করে তাঁর প্রতিষ্ঠানে ব্যাপক লুটপাট ও ভাঙচুর চালানো হয়েছে। এতে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করেন।

হামলায় নিহত গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলামছবি: সংগৃহীত

এ বিষয়ে জানতে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

জেলা প্রশাসক সুমনী আক্তার বলেন, কিছু সুযোগসন্ধানী লোক মব সৃষ্টি করে একজন প্রবাসীর ক্ষতিসাধন করেছেন। পুলিশকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

শাকিল হত্যার ঘটনায় নাটোরের গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের পদ থেকে নুরুজ্জামান মিন্টুকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। গতকাল মঙ্গলবার সংগঠনের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ভ্রাতৃপ্রতিম সংগঠনের সহযোদ্ধার জীবনহানির মতো গর্হিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নুরুজ্জামানকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।’

যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বহিষ্কৃতদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email