চাঁদা না দেয়ায় কোটি টাকার নির্মাণসামগ্রী লুটে নিলেন বিএনপি নেতা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুরে নির্মাণাধীন একটি শিল্প প্রতিষ্ঠানে দাবিকৃত ৩০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় কোটি টাকার নির্মাণ সামগ্রী লুটে নিয়েছে সন্ত্রাসীরা। এসময় অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ানো হয়।

লুটপাটে বাধা দিতে আসা শিল্প প্রতিষ্ঠানের নির্মাণ শ্রমিকদের মারধর করে সন্ত্রাসীরা। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এ.এন.জেড নামের টেক্সটাইল মিলসের স্থাপনা। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ শহরের একটি রেস্তরায় সংবাদ সম্মেলন করে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটির মালিক আনোয়ার হোসেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উপজেলার জামপুরের কদমতলী এলাকায আনোয়ার হোসেনের মালিকানাধীন এ.এন.জেড টেক্সটাইল মিলসের ভবন নির্মাণ কাজ চলছিল। নির্মাণাধীন কাজ চলমান থাকা অবস্থায় কয়েকদিন আগে একদল সন্ত্রাসী প্রথমে ২৫ লাখ পরে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে।

প্রতিষ্ঠানটির মালিক তাদের চাঁদা দিতে অস্বীকার জানালে বুধবার সকালে বিএনপি নেতা পরিচয় দানকারী আশরাফ ভূঁইয়ার নেতৃত্বে ৪-৫শ সন্ত্রাসী এসে ভাঙচুর ও হামলা চালায়। এ সময় শ্রমিকদের মারধর করে ৩৪ টন রড, ৭০০ বস্তা সিমেন্ট ও ৩০ টন আইভীম লুট, প্রায় ৫ হাজার ইট ট্রাকে করে লুটে নেয় যার মূল্য কোটি টাকার উপরে।

হামলাকারীরা অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ যাওয়ার আগেই লুট করে পালিয়ে যায় হামলাকারীরা। এ ঘটনায় থানায় অভিযোগ করার পর জড়িতরা গ্রেপ্তার না হওয়ার ক্ষোভ প্রকাশ করে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email