নওগাঁর রানীনগর উপজেলায় বিএনপির এক নেতার বিরুদ্ধে জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ ওঠেছে।
এলজিইডির অবসরপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বৃহস্পতিবার নওগাঁ শহরের প্যারিমোহন রোডের সাধারণ গ্রন্থাগারে সংবাদ সম্মেলন করে কালিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোলেমান আলীর বিরুদ্ধে এই অভিযোগ করেন।
তবে অভিযোগ অস্বীকার করে সোলেমান আলী বলেছেন, এটি তার নিজের জায়গা। তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শফিকুল ইসলাম বলেন, চাকরির সুবাদে তিনি পরিবার নিয়ে রাজশাহী মহানগরীর বহরমপুর এলাকায় থাকেন। ১৬ বছর আগে রাণীনগর উপজেলার একডালা ইউনিয়নের কালীগাঁও গ্রামে ১০ শতক জমি কেনেন। পরবর্তীতে ওই জমিতে সেমিপাকা ঘর নির্মাণ করে ভাড়া দেন।
“এতদিন সব কিছু ঠিকই ছিল। কিন্তু ৮ অক্টোবর সোলেমান জোর করে সেই জমির একটি অংশ দখলে নিয়ে স্থাপনা নির্মাণকাজ শুরু করেন। প্রতিবাদ করেও ফল হয়নি।”
তিনি বলেন, থানায় অভিযোগ দিলেও প্রতিকার পাওয়া যায়নি। সোলেমান নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। জমিটি বেদখল হয়ে গেলে তার পরিবার খুব বেকায়দায় পড়বে। জমি উদ্ধারে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে শফিকুল ইসলামের স্ত্রী আঞ্জুমান আরা উপস্থিত ছিলেন।
রাণীনগর থানার ওসি তারিকুল ইসলাম বলেন, “এ বিষয়ে থানায় অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার পুলিশ পাঠিয়ে সোলেমান আলীর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টির সমাধানের জন্য উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে।”
