ফরিদপুরের আলফাডাঙ্গার উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিতে আওয়ামী লীগের নেতারা ঢুকে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘোষিত বিএনপির কমিটিতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের অন্তত ৬ পদধারী নেতার নাম রয়েছে বলে জানা গেছে। এদিকে কমিটি বাতিলের দাবিতে বিএনপির পদবঞ্চিতরা আলফাডাঙ্গায় আগামীকাল বৃহস্পতিবার আধাবেলা হরতাল ডেকেছেন।

বিএনপির নবগঠিত আলফাডাঙ্গা উপজেলা কমিটির সহসভাপতি করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মিয়া আসাদুজ্জামানকে। উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল ওহাব পান্নু ও উপজেলা কৃষক লীগের সহসভাপতি মোহাম্মদ মনিরুজ্জামানকেও একই কমিটির সহসভাপতি করা হয়েছে।দলটির সহসাংগঠনিক সম্পাদক করা হয়েছে গোপালপুর ইউনিয়নের সাবেক কৃষক লীগ নেতা ওহিদ শিকদারকে, সহসমবায়বিষয়ক সম্পাদক করা হয়েছে আলফাডাঙ্গা সদর ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক মো. জাকারকে। এ ছাড়া আলফাডাঙ্গা পৌর বিএনপির প্রচার সম্পাদক করা হয়েছে কামরুজ্জামান কদরকে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি।

জানতে চাইলে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সহসভাপতি আব্দুল ওহাব পান্নু বলেন, আমি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলাম। এলাকাবাসীর খেদমতের জন্য বিএনপিতে যোগ দিয়েছি।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূর জামাল খশরু বলেন, বিএনপিকে ফরিদপুর-১ আসন পেতে হলে আলফাডাঙ্গার ভোট লাগবে। তাই যাদের নতুন কমিটিতে নেওয়া হয়েছে, তারা থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসনের বিএনপির প্রার্থীকে বিজয়ী করা সহজ হবে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email