প্রবাসীর কাছে চাঁদা চেয়ে কারাগারে বিএনপি নেতা

ফ্রান্সপ্রবাসী তরুণ শিল্প উদ্যোক্তা মো. হাফিজুর রহমানের দায়ের করা চাঁদাবাজির মামলায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ জসিম উদ্দিনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রোববার (১৩ জুলাই) সকালে মৌলভীবাজার ২ নম্বর আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহারে বলা হয়েছে, শ্রীমঙ্গলের ষাড়েরগজ মৌজায় একটি ফার্ম নির্মাণকাজ শুরু করলে শেখ জসিম উদ্দিন ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ফার্ম ভেঙে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন হাফিজুর রহমান। স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হলে তিনি আদালতের দ্বারস্থ হন।

এ বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

শেখ জসিম উদ্দিনের বিরুদ্ধে সিআর মামলা নং-৩৬৯/২৪ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা নং-৩২০/২৪ সহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ও দ্রুত বিচার নিশ্চিত করা গেলে এ ধরনের অপরাধ প্রতিরোধ সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email