গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির মতবিনিময় সভায় শিক্ষার্থীদের জোরপূর্বক অংশগ্রহণে বাধ্য করার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তারা।
রোববার (৩০ নভেম্বর) আজিমউদ্দিন কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় উত্তেজিত হয়ে প্রধান শিক্ষকের রুমের একপাশে ভাঙচুরও চালায় শিক্ষার্থীরা। এর আগে গত বুধবার কলেজ মাঠে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। যেখানে শিক্ষার্থীরা তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, আজিমউদ্দিন কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রনি মিয়ার নেতৃত্বে সেদিন ক্লাস বাতিল করে সভায় অংশ নিতে বাধ্য করেছি কলেজ কর্তৃপক্ষ। তাই ক্যাম্পাসে ছত্র রাজনীতি বন্ধ ও রনি মিয়ার বহিষ্কারের দাবিসহ ৪ দফা দাবি তুলে ধরা হয়।
দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানান শিক্ষার্থীরা। আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, সেদিন আমাদের নারী শিক্ষার্থীরা শারীরিক অসুস্থ হলেও তাদের গেট দিয়ে বের হতে দেয়নি। ক্যাম্পাসে রাজনৈতিক সমাবেশ করার পেছনে কলেজ কর্তৃপক্ষেরও দায় রয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
আজিমউদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ অহিদুল ইসলাম বলেন, প্রতিদিন ২ টা ক্লাসের পর শিক্ষার্থীরা এমনিই বাড়ি চলে যায়। সেদিন আমাদের শৃঙ্খলা কমিটির সদস্যরা মাঠে উপস্থিত ছিলেন। যা ঘটেছে তাদের সিদ্ধান্ত অনুযায়ীই। আমরা অভিযোগ পেলে তদন্ত করে দেখবো কি ব্যবস্থা নেয়া যায়।
এদিকে বিষয়টিকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। তিনি বলেন, সেদিন স্বতঃস্ফূর্তভাবে মতবিনিময় সভায় অংশ নিয়েছে শিক্ষার্থীরা। তবে কেউ একজন তাদের উস্কে দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। আমরা আলোচনা করছি কিভাবে বিষয়টি সমাধান করা যায়।
