বড়াইগ্রামে ছাত্রদল নেতার বিরুদ্ধে শ্রমিক নেতাকে হত্যার হুমকির অভিযোগ

নাটোরের বড়াইগ্রামে ছাত্রদল নেতার বিরুদ্ধে জাহাঙ্গীর আলম (৩৮) নামে শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নেতাকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ ওঠেছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) হুমকিদাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণের নেতাকর্মীরা।

এর আগে বৃহস্পতিবার রাতে ওই শ্রমিক নেতা বড়াইগ্রাম থানায় ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জোনাইল ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মাহবুবুর রহমান। এ সময় জামায়াতের ইউনিয়ন সেক্রেটারি আজমত আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জোনাইল ইউনিয়ন সেক্রেটারি জাহাঙ্গীর আলম (ভুক্তভোগী) ও সহকারী সেক্রেটারি হাফিজ উদ্দিন আলতাফসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে হাফেজ মাহবুবুর রহমান বলেন, ‘সম্প্রতি কুশমাইল জোলার পাড়ে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ড সভাপতি ওসমান গণিকে আটকে রাখে। খবর পেয়ে ফেডারেশনের নেতাকর্মীরা সেখানে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের উপর হামলা করে। এতে পাঁচজন আহত হন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে ফেডারেশনের নেতা জাহাঙ্গীর আলম ফেসবুক লাইভে এসে ঘটনাটি তুলে ধরেন। এতে ক্ষিপ্ত হয়ে ২৪ ডিসেম্বর ছাব্বাব হক ছাবুর নেতৃত্বে ছাত্রদল নেতাকর্মীরা জোনাইল বাজারে জাহাঙ্গীরের ব্যাবসাপ্রতিষ্ঠানে গিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেয়। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।’

সংবাদ সম্মেলনে ফেডারেশনের নেতাকর্মীরা অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে ছাত্রদল নেতা ছাব্বাব হক ছাবুর কাছে জানতে চাইলে তিনি জাহাঙ্গীরের সাথে তর্ক-বিতর্কের বিষয়টি স্বীকার করেন। তবে হুমকি দেয়ার অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email