রাজশাহীর বাঘায় চাঁদা না পেয়ে এক কলেজ শিক্ষককে বেধড়ক মারধরের অভিযোগে টিপু সুলতান (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলার আড়ানী পৌর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আটক টিপু সুলতান আড়ানী গোচর গ্রামের ঝুন্টু সর্দারের ছেলে।
ভুক্তভোগী কলেজ অধ্যাপক শফিকুল ইসলাম জানান, বিকেলে তিনি তার নতুন বাড়ি নির্মাণের কাজ তদারকি করছিলেন। এ সময় টিপু সুলতান মোটরসাইকেল যোগে সেখানে গিয়ে মিস্ত্রিদের কাজ বন্ধ করতে বলেন। অধ্যাপক শফিকুল কাজ বন্ধের কারণ জানতে চাইলে টিপু সুলতান বিএনপির এক শীর্ষ নেতার নাম ব্যবহার করে তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে টিপু তাকে জনসম্মুখে বেধড়ক মারধর শুরু করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে শিক্ষককে উদ্ধার করেন। ঘটনার সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় বাঘা থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন ইসলাম শোরগোল দেখে ঘটনাস্থলে থামেন।
পরে ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের নিকট থেকে বিষয়টি শুনে তিনি তাৎক্ষণিকভাবে অভিযুক্ত টিপু সুলতানকে আটক করে থানায় নিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, টিপু সুলতান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলটির সক্রিয় কর্মী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তবে গত বছর ক্ষমতার পরিবর্তনের পর তিনি ইউনিয়ন বিএনপি নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলে নিজেকে বিএনপি কর্মী হিসেবে পরিচয় দিতে শুরু করেন।
