কুমিল্লা-৮ (বরুড়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. শফিকুল আলম হেলালের প্রচারণাকালে তার গাড়িবহরে বিএনপির কর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের মুগজী টাওয়ার-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় জামায়াতের অন্তত ৫ কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন দলটির প্রার্থী হেলাল। হামলাকারীরা এ আসনের বিএনপি প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমনের অনুসারী বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও জামায়াত নেতারা জানান, জামায়াত প্রার্থী হেলাল আজ সকালে বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের মুগজী টাওয়ার-সংলগ্ন এলাকায় গাড়ি নিয়ে গণসংযোগ করছিলেন। এসময় বিএনপির কর্মীরা অতর্কিতভাবে গাড়িবহরে হামলা চালান। এতে অন্তত পাঁচজন আহত হন। হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে তাদের ওই স্থান ত্যাগ করতে বাধ্য করে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রার্থী ড. শফিকুল আলম হেলাল বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ গণসংযোগ কর্মসূচিতে বিএনপি প্রার্থীর কর্মীরা পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। এতে আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা পালিয়ে যায়।’
তবে অভিযোগ অস্বীকার করে বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের সুমন সমকালকে বলেন, ‘আমি একটি সমাবেশে আছি, ওই স্থানে জামায়াতের প্রচারণাকালে আমাদের লোকজনের সাথে কিছুটা কথাকাটাকাটি হয়েছে শুনেছি। দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ সঠিক নয়।’
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সমকালকে বলেন, ঘটনাস্থলে উভয় পক্ষের গণসংযোগ কার্যক্রম চলছিল। এক পর্যায়ে মুখোমুখি অবস্থান হলে উত্তেজনা সৃষ্টি হয়। বড় ধরনের কিছু হয়নি। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
