কিশোরগঞ্জ-৬ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আতাউল্লাহ আমিনের বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। বিএনপি কর্মীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ ওঠে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ভৈরবের গাছতলাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার প্রতিবাদে ১১ দলীয় জোটের পক্ষে গাছতলা ঘাট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন জোটের নেতারা।
জানা যায়, দুপুরে ১১ দলীয় জোটের নারী কর্মীরা আতাউল্লাহ আমিনের বাড়িতে জড়ো হচ্ছিলেন। এ সময় ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সুমনের নেতৃত্বে কতিপয় বিএনপি কর্মী সেখানে উপস্থিত হন। তারা কম্বল বিতরণের অভিযোগ এনে তর্কে জড়ান। একপর্যায়ে তারা বাড়ির প্রতিটি কক্ষ তল্লাশি করেন। তবে কম্বল না পেয়ে তারা বাগবিতণ্ডা শুরু করেন।
অভিযোগ রয়েছে, এ সময় তারা আতাউল্লাহ আমিনের স্বজনদের মারধর করেন। এতে এক নারীসহ তিনজন আহত হন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন বলেন, ‘আতাউল্লাহ আমিনের লোকজন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কম্বল বিতরণ করার সময় আমাদের লোকজন বাধা দেয়। এ সময় তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। কোনো হামলা বা মারধরের ঘটনা ঘটেনি।’
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটার্নিং কর্মকর্তা কে এম মামুনুর রশিদ বলেন, ‘অভিযোগ পেয়েছি। আজই তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’
