বিএনপির বিরুদ্ধে এবি পার্টির নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ

বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) ১১–দলীয় জোট সমর্থিত আমার বাংলাদেশ পার্টির (এবি) সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়ার (ফুয়াদ) নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রার্থীর অভিযোগ, বিএনপির নেতা-কর্মীরা এই ভাঙচুর চালিয়েছেন।

বুধবার (১১ ফের্রুয়ারি) বেলা ১১টার দিকে মাধবপাশা ইউনিয়নে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় বরিশাল বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করেছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

বরিশাল জেলা এবি পার্টির সদস্য সচিব জি এম রাব্বী জানান, ফুয়াদ ঈগল প্রতীকে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে প্রার্থী। তার কার্যালয়ে দলের নেতা-কর্মীরা বসে আলোচনা করছিলেন। বেলা ১১টার দিকে ১০-১২টি মোটরসাইকেলে করে বিএনপি ও ছাত্রদলের ২০-২৫ নেতা-কর্মী কার্যালয়ে প্রবেশ করে এবি পার্টির কর্মীদের মারধর করেন এবং কার্যালয় ভাঙচুর করেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপি বা ছাত্রদলের কেউ কার্যালয়ে হামলা করেনি। তিনি দাবি করেন, এবি পার্টির প্রার্থী মিথ্যা অভিযোগ করেছেন।

বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, অভিযোগটি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email