ছাত্রদল-বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

কুড়িগ্রামের চিলমারীর জোড়গাছ বাজারে এখন চাপা উৎকণ্ঠা। এক করাতকল মালিকের কাছ থেকে কয়েক দফা চাঁদা আদায় এবং পরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠার পর ব্যবসায়ীদের মধ্যে অস্থিরতা ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী সাইফুল ইসলাম উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা হাজিপাড়া এলাকার বাসিন্দা। তিনি জোড়গাছ বাজারে একটি করাতকল পরিচালনা করেন। গত ১৬ ফেব্রুয়ারি তিনি চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনায় ছাত্রদলের ৫ জনসহ ৭ জনের বিরুদ্ধে চিলমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন। চিলমারী থানার ওসি আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁদাবাজির ঘটনায় অভিযুক্তরা হলেন, রমনা মডেল ইউনিয়ন ছাত্রদলের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক সুমন ইসলাম দুদু , বিএনপির কর্মী দুলাল মিয়া, ছাত্রদল কর্মী আল আমিন, স্বপন ইসলাম বাহা ও আবু মিয়া, আওয়ামী লীগ সমর্থক নবিদুল ইসলাম এবং নুরুজ্জামাল মিয়া।

ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, ‘আমি ব্যবসার পুঁজি নিয়ে গাছের বাগান কিনতে বের হয়েছিলাম। অভিযুক্তরা তাঁকে পথে আটকে সব টাকা নিয়ে যায়। এখন ভয় আর অনিশ্চয়তায় আছি।’

ছাত্রদল নেতা সুমন ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। তাঁর দাবি, ঘটনাকে কেন্দ্র করে উল্টো তাদের ওপর হামলা হয়েছে। ব্যবসায়ী সাইফুল ইসলাম তিন হাজার টাকা স্বেচ্ছায় তাদের দিয়েছিলেন।

চিলমারী থানার ওসি আলমগীর হোসেন জানান, ঘটনা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email