বানারীপাড়ায় ব্রিজের মালামাল চুরি, ছাত্রদল-যুবদলের ২ নেতা গ্রেপ্তার

বরিশালের বানারীপাড়ায় পুরনো সরকারি ব্রিজের মালামাল চুরির অভিযোগে ছাত্রদল ও যুবদলের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জিহাদ আকন (২০) ও ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সানি (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে বানারীপাড়া সদর ইউনিয়নের গাভা এলাকা থেকে ব্রিজ নির্মাণকাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল চুরি করে ট্রলারযোগে নিয়ে যাওয়া হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) সিদ্ধার্থের নেতৃত্বে পুলিশের একটি  দল বানারীপাড়া ফেরিঘাট সংলগ্ন নতুন ব্রিজের নিচে, সন্ধ্যা নদীর মোহনায় অবস্থান নেয়।

রাত আনুমানিক ৩টার দিকে সন্দেহভাজন ট্রলারটি সেখানে পৌঁছালে পুলিশ অভিযান চালিয়ে চারটি লোহার রেলপাটি, একটি ডিজেল ইঞ্জিন, একটি অক্সিজেন গ্যাস সিলিন্ডার, ব্রিজের কাজে ব্যবহৃত বিভিন্ন আসবাব এবং চুরির সরঞ্জামসহ ট্রলারটি জব্দ করে। এসময় ট্রলারে থাকা জিহাদ আকন ও সানিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন স্বীকার করেছেন, তারা গাভা এলাকা থেকে এসব মালামাল চুরি করে নিয়ে আসছিলেন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, চুরির ঘটনায় গ্রেপ্তার জিহাদ ও সানিসহ চারজনের নাম উল্লেখ এবং আরো ৫/৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তার দুজনকে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email