চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা এলাকায় এক বিক্রয়কর্মীকে (সেলসম্যান) পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ফটিকছড়ি পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসতিয়াক আহাম্মেদ চৌধুরী তানভীরসহ পাঁচজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। গত শনিবার রাতে পৌরসভার আদালত ভবন সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহত ইমরান হাসান (৩২) আড়ং কোম্পানির ডিস্ট্রিবিউটর হিসেবে কর্মরত। তিনি বর্তমানে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তাঁর মাথায় ১৫টি সেলাই দিতে হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
এজাহার সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে কাজ শেষে ফেরার পথে ইমরান হাসানের পথরোধ করে এক পরিচিত ব্যক্তি টাকা ধার চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ছাত্রদল নেতা তানভীরের নেতৃত্বে সাজ্জাদ, ডেবিট তানভির, বলি মাসুদ ও কোয়ার্টার সোহেলসহ ১০-১২ জন লোহার রড ও লাঠিসোটা নিয়ে ইমরানের ওপর হামলা চালায়।
অভিযোগ করা হয়েছে, হামলাকারীরা ইমরানকে রক্তাক্ত করার পাশাপাশি তাঁর পকেট থেকে নগদ ২৫ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক একরাম চৌধুরী জানান, অপরাধমূলক কাজে জড়িত ব্যক্তিদের সঙ্গে ছাত্রদলের কোনো সম্পর্ক নেই। যদি কেউ সংগঠনের নাম ব্যবহার করে অপকর্ম করে, তবে জেলা ছাত্রদল তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে; সংশ্লিষ্টতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম জানান, ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
