চাঁদা দাবির অভিযোগে বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ওসি রাকিবুল ইসলাম।
ড্রেজার ব্যবসায়ী লিখিত অভিযোগে উল্লেখ করেন, তিনি উজিরপুরের শোলক ইউনিয়নের বিভিন্ন এলাকায় ড্রেজার দিয়ে বালু ভরাট ব্যবসার কাজ করেন।
সম্প্রতি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদার প্রথম দফায় তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। প্রথম পর্যায়ে তাকে নগদ ৫০ হাজার টাকা ও পরবর্তীতে বিকাশে ১০ হাজার টাকা পরিশোধ করা হয়।
এদিকে, দাবিকৃত বাকি টাকার জন্য শুক্রবার (১৩ মার্চ) ছাত্রদল নেতা মনির সরদারের নেতৃত্বে তার লোকজন ড্রেজার ব্যবসায়ী মনিরুলের লেবার আবু বক্করকে তুলে নিয়ে হাতুড়িপেটা করেন। তিনি বর্তমানে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় মনির সরদার ও তার সহযোগী দীন ইসলামের নাম উল্লেখ করে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেন ড্রেজার ব্যবসায়ী মনিরুল ইসলাম।
উজিরপুর মডেল থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, থানায় লিখিত অভিযোগ পাওয়ার পর পরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে সেনা বাহিনীর অভিযানে আটক হয়েছিল ছাত্রদল নেতা মনির সরদার।
পরবর্তীতে কয়েকদিন কারাবরণ করার পর জামিনে মুক্ত হন তিনি।
