নদীতেই ফিরছে ছাত্রদলের কুড়ানো ময়লা, ক্ষোভ

ঈশ্বরদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজ, লালনশাহ্ সেতু ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন পদ্মার চরে স্তুপ করে রাখা আবর্জনা ফের মিশছে নদীতে সমকাল

ঈশ্বরদীর পাকশীতে পদ্মা নদীর তীরে পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক ও অপচনশীল বর্জ্য পরিষ্কারের উদ্যোগ নিয়েছিলেন উপজেলা ছাত্রদলের একদল নেতাকর্মী। তবে সংগৃহীত সেই বর্জ্য লোকালয় বা নিরাপদ দূরত্বে না সরিয়ে নদীর কাছেই স্তূপ করে রাখায় এখন তা নতুন করে দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পাকশী হার্ডিঞ্জ ব্রিজ, লালনশাহ্ সেতু ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসংলগ্ন পদ্মার তীরে পর্যটকদের ফেলে যাওয়া বর্জ্যে নদীর পরিবেশ বিপন্ন হচ্ছিল। ঈদের ছুটিতে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমনের তত্ত্বাবধানে নেতাকর্মীরা দুই দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালান। পদ্মার সৌন্দর্য রক্ষায় তাঁদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ইতিবাচক হলেও, বর্জ্য ব্যবস্থাপনার ত্রুটির কারণে তা শেষ পর্যন্ত পরিবেশের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।

বুধবার সরেজমিন গিয়ে দেখা যায়, সংগৃহীত আবর্জনাগুলো উন্মুক্ত স্থানে পড়ে থাকায় বাতাসের তোড়ে সেই প্লাস্টিক ও পলিথিন পুনরায় নদীতে ও আশপাশে ছড়িয়ে পড়ছে।
পরিবার নিয়ে ঘুরতে আসা মো. ইমন হোসেন বলেন, ‘সামান্য কিছু আবর্জনা কুড়িয়ে সেগুলো পাশেই স্তূপ করে রাখায় পরিবেশ আরও নোংরা হচ্ছে।’ একই অভিযোগ করেন আজিজুর রহমান ও রেহেনা খাতুন দম্পতি।

পরিবেশের ক্ষতি করে এমন কাজের সমালোচনা করেছেন খোদ সংগঠনের নেতারাই। ঈশ্বরদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি মাহমুদুল ইসলাম শাওন বলেন, ‘নেতাকর্মীরা ময়লার স্তূপ রেখে গিয়ে ঠিক করেননি।’ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম অনিক জানান, বিষয়টি তাঁর জানা ছিল না। তবে তিনি আশ্বস্ত করে বলেন, ‘আমরা উপজেলা যুবদলের পক্ষ থেকে এই স্তূপকৃত ময়লা অপসারণের চেষ্টা করব।’
অভিযোগের বিষয়ে অভিযানের উদ্যোক্তা ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন বলেন, ‘আমরা পরিবেশ সুন্দর রাখার সাধ্যমতো চেষ্টা করেছি। তবে ময়লা নিষ্কাশনের সুনির্দিষ্ট ব্যবস্থা না থাকায় আমরা সেগুলো এক স্থানে স্তূপ করে রেখেছি। দর্শনার্থীদের সুবিধার জন্য সেখানে একটি ডাস্টবিনও স্থাপন করা হয়েছে।’

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email