সাভারের আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে জাতীয়তাবাদী শ্রমিকদলের এক নেতাসহ চার মাদক কারবারিকে আটক করেছে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও ২০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।
শনিবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মো. সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন, আশুলিয়ার জামগড়া কাঁঠালতলা এলাকার মৃত ফালু মিয়ার ছেলে ও আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিকদলের কার্যকরী সভাপতি মো. সামাদ ভূঁইয়া (৫২), বগুড়ার গাবতলী থানার বেলতলা এলাকার মৃত আকরামুলের ছেলে মো. সান্নান বাবু (৪২), মানিকগঞ্জের সাটুরিয়া থানার উত্তর কাওন্নারা এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে মো. কবির হোসেন (৩৭) ও একই থানার সাটুরিয়া বাজার এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. আলামিন (৩৮)।
ডিবি পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পেশাদার মাদক কারবারি ও শ্রমিকদল নেতা সামাদ ভূঁইয়া এবং তার বাড়ির ভাড়াটিয়া সান্নান বাবুকে ৩০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
অপরদিকে শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে এসআই শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ধামরাইয়ের জগৎনগর এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মাদক কারবারি কবির হোসেন ও আলামিনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।
ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মো. সাইদুল ইসলাম বলেন, আটকরা পেশাদার মাদক কারবারি। তাদের মধ্যে কবির হোসেনের বিরুদ্ধে চারটি ও আলামিনের বিরুদ্ধে দুটি মাদক মামলাসহ অন্যান্য মামলা রয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
