ফ্যামিলি কার্ডের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ, পলাতক কৃষকদল নেতা

সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক কৃষকদল নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত মধ্যরাতে।

অভিযুক্ত মোহাম্মদ সেন্টু চরদরবেশ ইউনিয়ন কৃষকদলের সভাপতি এবং একই গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ এপ্রিল ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক টমটম চালকের স্ত্রীর কাছ থেকে মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্রের তথ্য ও ছবি সংগ্রহ করেন সেন্টু। এরপর থেকে তিনি নিয়মিত ওই নারীর সঙ্গে ফোনে যোগাযোগ রাখছিলেন।

অভিযোগ অনুযায়ী, বুধবার রাতে জোরপূর্বক ঘরে প্রবেশ করে গৃহবধূকে ধর্ষণ করেন সেন্টু। এ সময় তার স্বামী ঘটনাস্থলে এসে তাকে আটকানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন ছুটে আসে। একপর্যায়ে তাকে বেঁধে ফেলার চেষ্টা করা হলে অভিযুক্ত পালিয়ে যায়।

ভুক্তভোগীর স্বামী অভিযোগ করেন, ঘটনার পর সামাজিক চাপে তিনি তার স্ত্রীকে তালাক দিতে বাধ্য হয়েছেন। পরদিন অভিযুক্ত ফোন করে তাদের পরিবারকে মামলা না করার জন্য প্রাণনাশের হুমকিও দিয়েছে বলে দাবি করেন তিনি। সে বলেছে,‘জানে বাঁচতে চাইলে; মামলা করবিনা’।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক রাজনৈতিক নেতা জানান, ঘটনাটি জানার পর তারা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি প্রশাসনকে অবহিত করেছেন। এলাকাবাসী অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কৃষকদলের ফেনী জেলা সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন বলেন, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তকে দল থেকে বহিষ্কার করা হবে।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেছেন। ঘটনার পর অভিযুক্ত কৃষকদল নেতা সেন্টু পলাতক হওয়ায় তাকে আটক করা যায়নি।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email