৩১ জুলাই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা লিটুর দুই পায়ের রগ কেটে, কুপিয়ে ও ডান হাত বিচ্ছিন্ন করে পুকুরে চুবিয়ে হত্যা করা হয়।
বরিশাল সদর উপজেলায় নিজ দলের সাবেক নেতাকে কুপিয়ে হত্যার মামলার মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকালে নগরের পশ্চিম কাউনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সগীর হোসেন।
গ্রেপ্তার মো. রিয়াজ মাহমুদ খান মিল্টন (৪৬) ওই এলাকার প্রয়াত শাহজাহান খানের ছেলে। মিল্টন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বলে জানিয়েছেন আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু।
ডিবির পরিদর্শক সগীর হোসেন বলেন, ৩১ জুলাই উপজেলার কাশিপুর ইউনিয়নের পূর্ব বিল্ববাড়ী গ্রামে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক লিটন সিকদার লিটুর দুই পায়ের রগ কেটে, কুপিয়ে ও ডান হাত বিচ্ছিন্ন করে পুকুরে চুবিয়ে হত্যা করা হয়। বাধা দিতে গেলে তার বোন মুন্নি ও ভাই সুমনকে কুপিয়ে আহত করা হয়।
এ ছাড়া লিটুর মোটরসাইকেল পুড়িয়ে দিয়ে তার ঘরে তাণ্ডব চালায় হামলাকারীরা। এ ঘটনায় করা মামলার আসামি স্বেচ্ছাসেবক দলনেতা মিল্টন।
মামলার বলা হয়েছে, “লিটুর দুই পায়ের রগ কেটে দিয়ে তার শরীরে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করেন মিল্টন। পরে ডান হাত কেটে নিয়ে পুকুরে চুবিয়ে তাকে হত্যা করা হয়।”
মহানগর এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদার বলেন, আসামিকে কারাগারে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে।
