ফ্যাসিস্ট দোসর তাপসের সঙ্গে বিএনপি এমপির ‘গোপন বৈঠক’ ফাঁস

রাজধানীর গুলশানে গান বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের সঙ্গে বিএনপি নেতা ও সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের এক গোপন বৈঠকের খবর পাওয়া গেছে। শনিবার সকালে গুলশান-২ নম্বরে একটি ক্যাফেতে প্রায় ৩০ মিনিটব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে ক্যাফের বাইরে সংসদ সদস্যের গাড়ির পাশে দাঁড়িয়েও তাঁদের দীর্ঘক্ষণ আলাপ করতে দেখা যায়। এই আলাপচারিতার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস করেছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের। ভিডিওটি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

কৌশিক হোসেন তাপসের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে কাজ করা এবং স্বৈরাচারী প্রভাব খাটিয়ে টেলিভিশনের মালিকানা দখলের অভিযোগ রয়েছে। এ ছাড়া ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন হত্যাচেষ্টা মামলায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং বর্তমানে তাঁর দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।

জামিনে মুক্ত বিতর্কিত এই ব্যক্তির সঙ্গে একজন সংসদ সদস্যের এমন একান্ত সাক্ষাৎকে অস্বাভাবিক ও দৃষ্টিকটু হিসেবে দেখছেন সচেতন মহল। পতিত স্বৈরাচারী গোষ্ঠীর সহযোগীর সঙ্গে সরকারি দলের নেতার এই সখ্যতা নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email