রংপুরে ৭২ বোতল ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

রংপুর মহানগরীতে ৭২ বোতল ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

রোববার রাতে নগরীর খাসবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি জিন্নাত হোসেন।

গ্রেপ্তারকৃত সাজেদুল ইসলাম শোয়েব (৩৭) খাসবাগ (মাহীগঞ্জ) এলাকার মৃত আমানত উল্লাহ ভূইয়ার ছেলে। তিনি মাহিগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

রোববার রাতেই তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের মহানগর কমিটির জ্যেষ্ঠ সদস্য সচিব মাহবুব উদ্দিন সুমন।

তিনি বলেন, সাজেদুল ইসলাম শোয়েব একজন অনুপ্রবেশকারী। সংগঠনবিরোধী কার্যক্রমে যুক্ত থাকায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ডিবির ওসি জিন্নাত হোসেন বলেন, মাদকের একটি বড় চালান রেলস্টেশনের দিকে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল মহানগরের খাসবাগ এলাকায় অবস্থান নেয়। এ সময় খাসবাগ থেকে রেলস্টেশনগামী পথে সন্দেহভাজন সাজেদুলকে আটক করা হয়।

পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৭২ বোতল কোডেন ফসফেটযুক্ত ফেনসিডিল উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শোয়েব দুই দিন আগে কুড়িগ্রামের ফুলবাড়ী এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির কাজ থেকে এই মাদক সংগ্রহ করেন বলে জানান। এই চালানটি ঢাকাগামী ট্রেনের মাধ্যমে অন্য এক ব্যক্তির কাছে হস্তান্তরের পরিকল্পনা ছিল তার।

তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান গোয়েন্দা বিভাগের এ কর্মকর্তা।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email