দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ককে অর্থদণ্ড

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার এলাকায় অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৪০ ধারায় নগদ অর্থ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে পরিচালিত এ অভিযানে বাংলাবাজারের ‘আরিফ ফুয়েল সাপ্লাই’ নামক প্রতিষ্ঠানের মালিক উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিনকে ২৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহ।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ জানান, গতকাল থেকে ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে ‘আরিফ ফুয়েল সাপ্লাই’ নামক তেলের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় প্রথমবারের মতো ২৫ হাজার টাকা জরিমান (অর্থদণ্ড) দেয়া হয়েছে।

বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email