ছাত্রদল নেতার বিরুদ্ধে ত্রাণ বণ্টনে অনিয়মের অভিযোগ

লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাইদুল ইসলামকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা, সে বিষয়ে তিন দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত সোমবার সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর খান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানা গেছে।

দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে ত্রাণের টিন ও নগদ অর্থ বণ্টনে অনিয়মের অভিযোগ ওঠে। ওই ভিডিও ছড়িয়ে পড়ার পরপরই দলীয়ভাবে মাইদুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়, হারাটি ইউনিয়ন ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাইদুল ইসলামকে সব ধরনের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন তাঁর বিরুদ্ধে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে তিন দিনের মধ্যে সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়কের কাছে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

ভাইরাল হওয়া প্রায় দুই মিনিট সাত সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, ‘বিউটি’ নামের এক নারী চারটি টিনের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। সেখানে তিনি অভিযোগ করেন, ত্রাণ হিসেবে পাওয়া আটটি টিন (এক বান্ডিল) ও তিন হাজার টাকা দুই ভাগ করা হয়েছে। এর একটি অংশ তাঁকে এবং অপর অংশ মাইদুল ইসলামকে দিতে হয়েছে বলে ভিডিওতে শোনা যায়। এ সময় পেছনে এক বা একাধিক পুরুষ কণ্ঠও শোনা যায়।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মাইদুল ইসলাম। গতকাল বুধবার বিকেলে তিনি বলেন, ‘আমাকে ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে ভিডিওটি তৈরি করা হয়েছে। ওই নারীকেও আমার নাম বলার জন্য শিখিয়ে দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’

সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর খান বলেন, ‘ঘটনাটি বিব্রতকর ও দুঃখজনক। ভিডিও ভাইরাল হওয়ার পরদিনই আমরা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করা হবে।’

জানা যায়, মাইদুল ইসলাম হারাটি ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রের দায়িত্বেও রয়েছেন। গত ২৬ এপ্রিল লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ করেন। এর পরদিনই ত্রাণ বণ্টনকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email