দিনাজপুরে ডাকাতি মামলার আসামি স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের ৬ নেতা-কর্মীকে বহিষ্কার

দিনাজপুরের বিরামপুর উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সোনা ডাকাতির মামলায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছেছবি : পুলিশের সৌজন্যে

দিনাজপুরের বিরামপুরে ব্যবসায়ীকে জিম্মি করে প্রায় সোয়া আট ভরি সোনা ডাকাতির অভিযোগ ওঠার পর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ছয় নেতা-কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে স্বেচ্ছাসেবক দল দিনাজপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রাজু মুন্সী ও ছাত্রদলের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রায়হান আলীর সই করা তিনটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত ব্যক্তিরা হলেন স্বেচ্ছাসেবক দলের বিরামপুর পৌর শাখার যুগ্ম আহ্বায়ক মো. আশিক; ছাত্রদলের বিরামপুর পৌর শাখার যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান ও সদস্য সাগর রহমান; বিরামপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের কর্মী আল রেহমান, মো. সানি ও আরিফুল ইসলাম।

এর আগে গত সোমবার সন্ধ্যায় বিরামপুর উপজেলার দুর্গাপুর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এক সোনা ব্যবসায়ীকে দেশীয় অস্ত্র দেখিয়ে জিম্মি করা হয়। পরে তাঁর কাছ থেকে সোনা লুট করা হয়। এ ঘটনায় আশিক, সাগর, আল রেহমান ও আরিফুলকে আটক করে পুলিশ।

এ ঘটনায় গতকাল দুপুরে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও তিন-চারজনের বিরুদ্ধে বিরামপুর থানায় একটি ডাকাতির মামলা হয়। পরে পুলিশ ওই মামলায় চারজনকে গ্রেপ্তার দেখায়। ওই দিন দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বহিষ্কারের পৃথক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বেচ্ছাসেবক দলের বিরামপুর পৌর শাখার যুগ্ম আহ্বায়ক মো. আশিক; ছাত্রদলের বিরামপুর পৌর শাখার যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান ও সদস্য সাগর রহমান; ছাত্রদলের বিরামপুর সরকারি কলেজ শাখার কর্মী আল রেহমান, মো. সানি ও আরিফুল ইসলামকে তাঁদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email