চট্টগ্রামে ব্যাংক এশিয়ার ৩১ কোটি টাকার ঋণ পরিশোধ না করায় বিএনপি নেতা মোহাম্মদ শামসুল আলমসহ এক পরিবারের পাঁচজনের বিরুদ্ধে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম অর্থঋণ আদালত-১-এর জজ হেলাল উদ্দিনের আদালত এ আদেশ দেন। অন্য দণ্ডিতরা হলেন– ইলিয়াছ ব্রাদার্স লিমিটেডের চেয়ারম্যান নুরুল আবছার, পরিচালক নুরুল আলম, কামরুন নাহার বেগম ও তাহমিনা বেগম। তাদের মধ্যে শামসুল, আবছার ও আলম তিন ভাই।
আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ বলেন, হাইকোর্টের নির্দেশে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংক এশিয়ার ঋণের কিস্তির অর্থ পরিশোধ না করায় ইলিয়াছ ব্রাদার্সের এমডি, চেয়ারম্যানসহ পাঁচজনকে পাঁচ মাস করে দেওয়ানি আটকাদেশ দেওয়া হয়। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর ৪৩ কোটি ৬৯ লাখ টাকার খেলাপি ঋণ আদায়ে আদালতে একটি মামলা করে ব্যাংক এশিয়া কর্তৃপক্ষ। ওই ঋণের বিপরীতে কোনো বন্ধকি সম্পদ না থাকায় বিবাদীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন। পরে ব্যাংকের সঙ্গে আপসে সুদ মওকুফ করে ৩০ কোটি ৮৮ লাখ কিস্তিতে পরিশোধে ২০২২ সালের ৩ জানুয়ারি সোলেনামা হয়। এতে ছয় কিস্তিতে টাকা পরিশোধের কথা বলা হলেও তা না করায় গত ১৩ জুলাই তাদের বিরুদ্ধে পাঁচ মাসের দেওয়ানি আটকাদেশ জারি করেন আদালত। এ আদেশের বিরুদ্ধে তারা হাইকোর্টে রিট করেন। শুনানি শেষে হাইকোর্ট দুই মাসের মধ্যে চার কোটি টাকা পরিশোধের নির্দেশ দেন। তবে গত ২৬ আগস্ট হাইকোর্টের নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ করেননি তারা। পরে গত ১০ মার্চ রিটটি খারিজ করে দেন হাইকোর্ট। তাই ঋণ পরিশোধ না করায় খেলাপি বিবাদীদের বিরুদ্ধে পাঁচ মাসের দেওয়ানি আটকাদেশ জারি করেন আদালত।
