চাঁদপুরে এজলাসকক্ষে বিচার চলাকালে শফিকুল ইসলাম নামে এক আইনজীবীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আদালতের পক্ষ থেকে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন আহমেদ স্বপন বিষয়টি নিশ্চিত করেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল চাঁদপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক শাহাদাতুল হাসান আল মুরাদের এজলাসে দুপুর ২টার দিকে একটি মামলার জামিন শুনানি চলছিল। শুনানি চলাকালে অ্যাডভোকেট বাবর ব্যাপারী ওপর আইনজীবী শফিকুল ইসলামকে হঠাৎ ঘুষি মারেন। পরবর্তীতে তাকে মারধর করতে করতে এজলাসের বাইরে নিয়ে যান। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আদালতের স্বাভাবিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
মারধরের ঘটনায় অভিযুক্ত অ্যাডভোকেট বাবর ব্যাপারী চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট ঘটনাটি তাৎক্ষণিকভাবে আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ আকারে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করেন।
এদিকে আদালতের অভ্যন্তরে এমন ঘটনার গুরুত্ব বিবেচনা করে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। আদেশে তিনি ঘটনার বিস্তারিত বিশ্লেষণ, সম্ভাব্য জখম পর্যালোচনা এবং দায়ী ব্যক্তিদের সুনির্দিষ্টভাবে শনাক্ত করে একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নসরুল্লাহকে দায়িত্ব প্রদান করেছেন।
