দাউদকান্দির ১০ মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেতা ঢাকা থেকে গ্রেফতার

দাউদকান্দির ১০ মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেতা ঢাকা থেকে গ্রেফতার |নয়া দিগন্ত

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ১০ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিএনপি নেতা মো: শহিদুল্লাহ সরকার গ্রেফতার হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর হাতিরঝিল থানাধীন নিউ ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল বারীর তত্ত্বাবধানে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করেন। পরে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতিরঝিল থানার সহযোগিতায় নিউ ইস্কাটন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শহিদুল্লাহ সরকার কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের মরহুম জব্বার আলী সরকারের ছেলে। তার বিরুদ্ধে ১০টি মামলায় সাজা পরোয়ানা ছিল। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল্লাহ সরকার এলাকায় একজন প্রভাবশালী বিএনপি নেতা হিসেবে পরিচিত। তিনি ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে দাউদকান্দি-মেঘনা-তিতাস আসন থেকে হাতঘড়ি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। এরপর থেকেই স্থানীয় রাজনীতিতে তার প্রভাব বিস্তার লক্ষ্য করা যায়।

এলাকায় তার কোল্ডস্টোরেজের ব্যবসা ছিল। শত শত লোকজন এ শহীদুল্লাহ সরকারের কাছে টাকা পাওনা আছে। বিদেশে লোক পাঠানোর কথা বলে সে এসব টাকা এলাকার মানুষ থেকে নিয়েছিল। পরে, মানুষের পাওনা টাকা না দিয়ে দীর্ঘদিন পলাতক ছিল।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ওসি জানান, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। ১০ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা একটি বড় সাফল্য। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email