অর্থ আত্মসাৎ ও জাল চেকের মাধ্যমে প্রতারণার অভিযোগে ঠাকুরগাঁও চেম্বারের সাবেক সভাপতি, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান হাবিবুল ইসলাম বাবলু এবং তার স্ত্রী আইরিন আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৯ এপ্রিল) রাতে রাজধানীর গুলশান থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন গুলশান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন।
গ্রেপ্তার হাবিবুল ইসলাম বাবলু ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শীবগঞ্জ পূর্বপারপুগী এলাকার বাসিন্দা মো. আব্দুর রাজ্জাকের ছেলে। বাবলু ঠাকুরগাঁও জেলা মোটরমালিক সমিতির সভাপতিও ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও জাল চেকের মাধ্যমে প্রতারণার অভিযোগে নিয়মিত মামলা রয়েছে। সংশ্লিষ্ট মামলার ভিত্তিতেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার বাদী বাবর আল মাসুদ ঢাকা পোস্টকে জানায়, ঢাকাস্ত একটি কোম্পানির সঙ্গে ২ কোটি ৫৭ লাখ টাকার লেনদেন ছিল হাবিবুল ইসলাম বাবলু ও তার স্ত্রী আইরিন আক্তারের। পাওনা টাকা ফেরত দিতে তালবাহানা করে সময় ক্ষেপণ করছিলেন তারা। পরবর্তীতে হাবিবুল ইসলাম বাবলু একটি চেক প্রদান করেন। সেই চেকটি খতিয়ে দেখা যায় সেটি জাল। উপায় না পেয়ে গেল বছরের ১৭ ডিসেম্বর কোম্পানির সিও বাবর আল মাসুদ গুলশান থানায় তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন। সেই মামলায় পুলিশ তাদের দুজনকে গ্রেপ্তার করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আজিজ মাহমুদ ঢাকা পোস্টকে জানান, একটি নিয়মিত মামলা স্বামী-স্ত্রী দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে গুলশান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে হাবিবুল ইসলাম বাবলু ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা রয়েছে।
প্রসঙ্গত, হাবিবুল ইসলাম বাবলু গতকাল বুধবার ঠাকুরগাঁও জেলা বিএনপির কমিটিতে অর্থনৈতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। এর আগেও তিনি অর্থ ঋণ মামলায় কারাভোগ করেন।
